২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে যেতে ইচ্ছুকদের নিবন্ধন কার্যক্রম চলছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।
গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে চূড়ান্ত কতজন হজে যাবেন, সেই সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত তালিকা অনুযায়ী সৌদি আরবে প্রয়োজনীয় অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান এবং হজ প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংকসহ কার্যক্রমের সঙ্গে যুক্ত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। হজ নিবন্ধন ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।