দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তবে একই অঞ্চলের দেশ হওয়া সত্ত্বেও চাঁদ দেখার ভিন্নতার কারণে ঈদের দিন নির্ধারণে দেখা দিয়েছে পার্থক্য।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অন্যদিকে ব্রুনেইতে কোরবানির ঈদ পালিত হবে একদিন পরে, অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৭ মে) জিলকদ মাস শেষ হয়েছে। সে অনুযায়ী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে জিলহজের ১০ তারিখ পড়ছে ২৭ মে, যেদিন দেশ দুটিতে ঈদুল আজহা উদযাপন করা হবে।
অন্যদিকে ব্রুনেইর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে সোমবার জিলকদের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হবে নতুন মাস। সেই হিসাব অনুযায়ী দেশটিতে ঈদ উদযাপিত হবে ২৮ মে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রোববার জিলহজের চাঁদ দেখার কার্যক্রম শুরু হয়েছে। মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ইবাদত হজ ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে এই চাঁদ দেখাই মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ আধুনিক প্রযুক্তিনির্ভর অবজারভেটরি ও দূরবীক্ষণ যন্ত্রের সহায়তায় চাঁদ পর্যবেক্ষণ করছে। তবে বেশিরভাগ মুসলিম দেশ এখনও খালি চোখে চাঁদ দেখা এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব, দুই পদ্ধতির সমন্বয়েই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করে থাকে।