বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন। আজ শনিবার থেকে শুরু হওয়া এ সফরে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের বিভিন্ন দিক সরেজমিনে দেখবেন।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় তিনি সেখানে মোতায়েন বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেবেন।
এ ছাড়া সফরকালে দক্ষিণ সুদান ও আবেইয়ের রাষ্ট্রীয় পর্যায়ের কর্মকর্তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করার কথা রয়েছে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এসব মিশনে বাংলাদেশি সামরিক সদস্যদের দায়িত্ব ও কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সেনাপ্রধানের এ সফর শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও সমন্বিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।