ইরানের হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটির বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের হামলার কারণে একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় আর্থিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত বা নিহত হননি।
হামলার আগে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সড়কে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থানে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান চালানো হয়েছে। আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে দাবি তাদের।
ইরানের দাবি, তাদের আকাশসীমা লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক তৎপরতার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে একাধিকবার আকাশপথের হামলার ঘটনা ঘটেছে।