কয়েকদিনের টানা ভ্যাপসা গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে সোমবার (২৫ মে) সকাল গড়াতেই রাজধানীর আবহাওয়ায় আসে বড় পরিবর্তন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। এরপর সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া। এতে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও নগরজীবনে দেখা দেয় নতুন ভোগান্তি।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে নিচু এলাকার সড়কগুলোতে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে। অফিসগামী মানুষ ও ঈদে ঘরমুখো যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে দিনভর।
সংস্থাটির ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
তবে বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।