জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্য তৈরির লক্ষ্য নিয়ে তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) শেষ হয়েছে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়নের বিষয় নিয়ে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
দুই সপ্তাহ ধরে চলা এই সম্মেলন ২০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও মতপার্থক্য নিরসনে আলোচনা আরও দুই দিন গড়ায়। রাতভর আলোচনা, একাধিকবার খসড়া পরিবর্তন এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকেও সমাধান আসেনি। নির্ধারিত সময়ের ৪৪ ঘণ্টার বেশি পেরিয়ে যাওয়ার পরও ঐকমত্য তৈরি না হওয়ায় সম্মেলনের সভাপতি তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম প্রস্তাবিত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয় বলে জানান।
সম্মেলনের সবচেয়ে বড় বিরোধের কারণ ছিল কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে বেরিয়ে আসার পরিকল্পনা। ইউরোপীয় ইউনিয়ন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু ঝুঁকিতে থাকা কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে সুস্পষ্ট রূপরেখা চেয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তিতে এ বিষয়ে শক্ত কোনো অঙ্গীকার চূড়ান্ত খসড়ায় যুক্ত করা সম্ভব হয়নি।
এমনকি সর্বশেষ খসড়া প্রস্তাবে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধের বিষয়ে সরাসরি কোনো উল্লেখও ছিল না। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে অঙ্গীকার করা হয়েছিল, সেটি শুধু স্মরণ করিয়ে দেওয়া হয়। তবে বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা কিংবা নতুন কর্মপরিকল্পনা রাখা হয়নি।
জলবায়ু অর্থায়ন নিয়েও উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো অভিযোজন, দুর্যোগ মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি সামাল দিতে উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে পর্যাপ্ত অর্থ সহায়তা দাবি করে।
উন্নয়নশীল দেশগুলোর প্রস্তাব ছিল, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বার্ষিক অর্থায়ন অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে। কিন্তু সম্মেলনের সর্বশেষ খসড়ায় নির্দিষ্ট এই অর্থের পরিমাণ রাখা হয়নি। অর্থায়নের উৎস এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো কীভাবে সহায়তা পাবে, সে বিষয়েও স্পষ্ট নিশ্চয়তা পাওয়া যায়নি।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার শিল্পপূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এই সীমা অতিক্রমের আশঙ্কা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার কার্যকর পরিকল্পনা নিয়ে দেশগুলো একমত হতে পারেনি। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো মনে করছে, তাপমাত্রা বৃদ্ধির এই লক্ষ্য দুর্বল হয়ে পড়লে তাদের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।
সম্মেলনের শেষ পর্যায়ে তিন দফায় সিদ্ধান্তের খসড়া প্রকাশ করা হয়। প্রথম খসড়ায় ১৪৪টি অনুচ্ছেদ থাকলেও পরবর্তী সংস্করণে তা কমিয়ে ৮০ করা হয়। সর্বশেষ খসড়ায় অনুচ্ছেদের সংখ্যা দাঁড়ায় ৯৪। তবে দীর্ঘ আলোচনার পরও ইউরোপীয় ইউনিয়ন, পানামাসহ কয়েকটি দেশ প্রস্তাবিত সিদ্ধান্তে আপত্তি জানায়। ফলে ‘আন্তালিয়া প্যাক্ট’ নামে পরিচিত প্রস্তাবটি গৃহীত হয়নি। আগের সম্মেলনগুলোর সিদ্ধান্ত ও অঙ্গীকারই বহাল থাকছে।
এদিকে সম্মেলনের শেষ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিদলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবেশকর্মীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অনেকেই সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন না। বিশেষ করে জলবায়ু অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানি নিয়ে যখন চূড়ান্ত দর-কষাকষি চলছিল, তখন বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরার মতো নেতৃত্বের ঘাটতি ছিল।
তবে সম্মেলনে বাংলাদেশের জন্য কিছু আর্থিক সহায়তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দুটি আন্তর্জাতিক তহবিল থেকে বাংলাদেশ প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে ৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা। অন্যদিকে গ্লোবাল শিল্ড থেকে পাওয়া যাচ্ছে ৩ কোটি ইউরো বা প্রায় ৪১০ কোটি টাকা।
পরিবেশকর্মীদের মতে, কপ-৩১-এর ব্যর্থতা আবারও প্রমাণ করেছে, জলবায়ু সংকটের ভয়াবহতা স্বীকার করলেও এর দায় ও দায়িত্ব ভাগাভাগির প্রশ্নে দেশগুলোর মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। পর্যাপ্ত অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার কার্যকর পরিকল্পনা ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন।
আগামী ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে কপ-৩২। আন্তালিয়ার সম্মেলনে অমীমাংসিত থেকে যাওয়া বিষয়গুলো নিয়ে সেখানে আবারও আলোচনায় বসতে হবে বিশ্বনেতাদের।