দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।
নতুন রোগী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ১৬৭, খুলনায় ১৭৪, চট্টগ্রামে ১৫০, রাজশাহীতে ১৩৩, ময়মনসিংহে ৭৬ এবং রংপুরে ৬৪ জন নতুন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ২৬১ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রামে ৫২, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।