নাটোরের লালপুরে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন গ্রাম পুলিশ সদস্য আল আমিন বিশ্বাস। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছে তার পরিবার।
পরিবারের ভাষ্য অনুযায়ী, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল আল আমিনের। এর একপর্যায়ে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাবার বাড়িতে চলে যান। এরপর মঙ্গলবার গভীর রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখেই নিজের ঘরে স্ত্রীর ফেলে যাওয়া ওড়না দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ভিডিও কল সংক্রান্ত কোনো তথ্য এখনো উদ্ধার করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।