বলিউড অভিনেতা ইমরান হাশমির অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছে। নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করার সময়ই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মুম্বাইয়ে পরীক্ষা করালে তার শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি।
সম্প্রতি কাজের প্রয়োজনে ভারতের রাঁচিসহ কয়েকটি শহরে গিয়েছিলেন ইমরান। মুম্বাইয়ে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার কারণে বেঙ্গালুরুতে ‘আওয়ারাপন টু’-এর একটি বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত হতে পারেননি অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তার নতুন সিনেমার সাফল্যে কোনো ভাটা পড়েনি। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন টু’ ভারতীয় বাজারে এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি ২০০৭ সালের মূল ‘আওয়ারাপন’ সিনেমার মোট আয়ের রেকর্ড ছাড়িয়ে যায়।
এ ছাড়া মুক্তির প্রথম শনিবারের মধ্যেই ইমরান হাশমির কয়েকটি আলোচিত সিনেমার ব্যবসাকেও ছাড়িয়ে গেছে ‘আওয়ারাপন টু’। ২০০৭ সালের ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন ছবিটি। বিশেশ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। এতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।