গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন কন্যাসন্তান এবং তার ভাই। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী ফোরকান নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত পরিবারটি মূলত গোপালগঞ্জের বাসিন্দা। তারা কাপাসিয়ার রাহাতখানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের কর্তা ফোরকান পেশায় একজন গাড়িচালক।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।