দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী দিনে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি উৎপাদনশিল্পের কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ জন্য শিল্প খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের মান উন্নয়ন, আকর্ষণীয় মোড়কজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রেও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে পাঁচ বছরের মধ্যে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ব্র্যান্ড পরিচিতি তৈরি, ডিজিটাল বিপণন এবং অনলাইন বাণিজ্য পরিচালনার মতো বিষয়গুলোতে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন খাতের সফল উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন। সাতটি সাধারণ বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট আটজন উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।