দেশে জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল হয়নি, এ কথা সরাসরি স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই হুমকিকে একেবারে শূন্যের কাছাকাছি নিয়ে যেতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
জঙ্গি তৎপরতা নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, গোয়েন্দা তথ্যের সব কিছু প্রকাশ করা সম্ভব নয়, কারণ সেগুলো অত্যন্ত সংবেদনশীল। তবে সরকারের হাতে থাকা তথ্য অনুযায়ী, দেশে জঙ্গি উপস্থিতি একটি বাস্তব বিষয়।
তিনি বলেন, অতীতে এই ইস্যুতে দুই ধরনের চরম অবস্থান দেখা গেছে। একদিকে পূর্ববর্তী সরকার জঙ্গিবাদকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, অন্তর্বর্তী সময়ে কেউ কেউ আবার দেশে জঙ্গি নেই, এমন ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, যা তার মতে ভুল।
জাহেদ উর রহমানের ভাষায়, বাংলাদেশে একসময় জঙ্গিবাদ ছিল এবং এখনও কিছুটা রয়েছে, এ বাস্তবতাকে সামনে রেখে সেটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াই সরকারের লক্ষ্য।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় কিছু গোষ্ঠীর মধ্যে সংগঠিত হওয়ার প্রবণতা এবং প্রকাশ্যে সক্রিয় হওয়ার লক্ষণ দেখা গেছে, যার কিছু প্রভাব এখনো বিদ্যমান।
তবে পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। উপদেষ্টা বলেন, কোনো সমস্যাকে অস্বীকার করলে তার সমাধান সম্ভব নয়। তাই জঙ্গিবাদের উপস্থিতি স্বীকার করে সেটি নির্মূলে কাজ করছে সরকার।