দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া গরমের ঢেউ এখনো থামছে না, বরং সামনে আরও চড়তে পারে পারদ। আবহাওয়ার পর্যবেক্ষণভিত্তিক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বলছে, চলমান মৃদু তাপপ্রবাহ কয়েক দিনের মধ্যেই আরও শক্তিশালী হয়ে মাঝারি থেকে তীব্র অবস্থায় পৌঁছাতে পারে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রকাশিত তাদের বার্তায় জানানো হয়, মঙ্গলবার থেকে শুরু করে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা বাড়বে। বিশেষ করে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশ এই তাপপ্রবাহের আওতায় পড়বে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে পরিস্থিতি বেশি কঠিন হতে পারে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ায় তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও থার্মোমিটারের পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
এছাড়া রাজশাহী থেকে শুরু করে খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা, যেমন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশালসহ বহু জেলায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
এ অবস্থায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিশেষ করে হিটস্ট্রোকের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বিডব্লিউওটি। তাই দুপুর ১২টা থেকে বিকাল ৩টার মধ্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, ঠান্ডা জায়গায় থাকা এবং অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলার কথা বলা হয়েছে।