জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করেছে। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে। যাচাই-বাছাই শেষ হলে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদনের সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে।
এই মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। মামলায় মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট আরেকটি মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের দাবি ছিল, ওই কথোপকথনে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাদের ফাঁসিতে দেওয়ার ইচ্ছার কথাও উঠে আসে।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো। এখন প্রসিকিউশনের পর্যালোচনা শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষা।