ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যে দীর্ঘস্থায়ী নাও হতে পারে, সে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে এবং যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকি এখনো রয়ে গেছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি জানান, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে, তাতে পূর্ণ সমর্থন রয়েছে ইসরায়েলের।
নেতানিয়াহু দাবি করেন, ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সম্পর্কের কোনো অবনতি হয়নি। বরং দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এ গত শনিবার মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে বিস্তারিত অবহিত করেছেন।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, আলোচনার অন্যতম শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা স্থগিত রাখবে এবং এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করবে। তবে তেহরান সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, হরমুজ প্রণালী খোলা না রাখার মাধ্যমে ইরান সমঝোতার শর্ত ভঙ্গ করেছে, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হয়নি।
একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়েও আলোচনায় কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানান নেতানিয়াহু। তার ভাষ্য, ওয়াশিংটনের দাবি সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুত ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং দীর্ঘ সময় দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকতে হবে।