কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে শিমুলিয়া এলাকায় একই দিক থেকে চলা একটি বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।