একটি শক্তিশালী ও নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন আইনজীবীরা।
“বিচার বিভাগের স্বাধীনতা: প্রত্যাশা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বাস্তব প্রয়োগে এখনও নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা রয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে ‘ভয়েজ অব লইয়ার্স’। এতে আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. ইমাম হাসান ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েজ অব লইয়ার্স ট্রাস্টের চেয়ারম্যান ব্যারিস্টার নিশাত মাহমুদ।
বক্তারা বলেন, বিচারক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত না হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা দুর্বল হতে পারে। পাশাপাশি মামলার দীর্ঘসূত্রতা, অবকাঠামোগত সংকট এবং প্রশাসনিক হস্তক্ষেপ বিচার বিভাগের কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তারা।
তাদের মতে, আধুনিক আদালত ব্যবস্থাপনা, পর্যাপ্ত বাজেট এবং দক্ষ জনবল ছাড়া একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ ধরনের আলোচনা বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নীতিগত উন্নয়নে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।