ওমানের উপকূলীয় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকারের মাস্টার দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনার দাবি করেছেন। বৃহস্পতিবার ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় ১০ মাইল দক্ষিণ-পূর্বে ঘটে।
ঘটনার পরপরই এলাকাটি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও জাহাজ ও নাবিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে, ট্যাংকারটির কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি এবং এর নাবিক দল সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। দুবাই থেকে প্রকাশিত বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদনেও ঘটনার সত্যতা প্রকাশ করা হয়।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা চলছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই রুটটির কার্যত নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। নির্ধারিত নৌপথ না মানার অভিযোগে তেহরান ইতো আগেও একাধিক জাহাজে হামলা চালিয়েছিল।