রাজপথে আবারও শ্রমিকের কণ্ঠ জোরালো। দাবি-দাওয়ার ব্যানার হাতে, স্লোগানে স্লোগানে রাজধানী জুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস।
শুক্রবার (১ মে) সকাল থেকে ঢাকার তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিভিন্ন পেশার হাজারো শ্রমজীবী মানুষ। নানা সংগঠনের ব্যানারে তারা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
একেক সংগঠন একেক দাবি তুললেও, অধিকাংশ ক্ষেত্রেই সেগুলোর মধ্যে ছিল মিল—ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।
শ্রমিকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—বেতন-ভাতা বৃদ্ধি, অতিরিক্ত কাজের চাপ কমানো, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ, নারীবান্ধব পরিবেশ তৈরি এবং রানা প্লাজা ও তাজরিনের মতো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিচার। পাশাপাশি নিয়োগপত্র প্রদান, ৮ ঘণ্টা কাজের ন্যায্য মজুরি, ওভারটাইমের অপব্যবহার বন্ধ এবং অবাধ ট্রেড ইউনিয়ন গঠনের অধিকারও জোরালোভাবে তুলে ধরা হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে কার্যকর ও গণতান্ত্রিক শ্রম আইন জরুরি। নতুন সরকারের কাছে তারা এমন আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান, যাতে বারবার রাজপথে নামতে না হয়।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে বলেন, বর্তমান মজুরি কাঠামো শ্রমিকদের জীবনমান উন্নয়নে যথেষ্ট নয়। একই সঙ্গে নির্ধারিত কর্মঘণ্টার বাস্তব প্রয়োগ নিশ্চিত করার ওপরও জোর দেন তারা।
সমাবেশে মালিকপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের বিভক্ত রাখার অভিযোগও ওঠে। বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য নষ্ট করতে নানা কৌশল নেওয়া হয়, যা বন্ধ করতে হবে। নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান তারা।
এদিকে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক না বাড়ানো, মজুরি বৃদ্ধি, কর বৈষম্য দূর করা ও রেশন সুবিধা চালুর দাবি জানায়। পাশাপাশি নকল বিড়ি উৎপাদন বন্ধের কথাও বলা হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি নিয়ে আপত্তি তুলে তা বাতিলের দাবি জানায়। তারা সমুদ্রবন্দর ও বিমানবন্দর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আধুনিকায়নের আহ্বানও জানায়।
ঢাকা জেলার পরিবহন শ্রমিক সংগঠনগুলো সড়ক খাতে নতুন মজুরি বোর্ড গঠন এবং ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি তোলে।
এছাড়াও কর্মজীবী নারী, গার্মেন্টস শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মে দিবস পালন করছে।