দেশে হাম রোগের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। যদিও এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৮ জনে।
রোববার (২৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম সন্দেহে ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে আরও ৪৪২ জনের প্রাণহানি হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চের পর থেকে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৬২২ জন। আর উপসর্গের ভিত্তিতে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৩ হাজার ৮১৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২১৪ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মারা গেছেন।
অন্যদিকে, সন্দেহভাজন হাম রোগে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকায়। বিভাগটিতে এ পর্যন্ত ১৭৪ জন মারা গেছে। এছাড়া রাজশাহীতে ৮০ জন, সিলেটে ৫০ জন, চট্টগ্রামে ৪২ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩২ জন, খুলনায় ২১ জন এবং রংপুরে ছয়জনের মৃত্যু হয়েছে।