ঢাকায় কর্মরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথমবারের মতো আয়োজিত এ ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সীমান্ত পরিস্থিতি এবং সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের বিস্তারিত ধারণা দেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির ব্রিফিংয়ে সরকারের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরবেন। বিশেষ করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে বিরাজমান উত্তেজনা এবং সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করবেন তিনি।
শুধু সরকারের বক্তব্য তুলে ধরাই নয়, সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মনোভাবও জানার চেষ্টা করা হবে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা নিতে চায় সরকার।
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক কিংবা তাঁদের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।