নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত দেশটিতে ১ হাজার ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
বন্যার প্রবল স্রোতে ভেসে যাওয়া কয়েকটি মরদেহ সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডেও গিয়ে পৌঁছেছে। নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বাহিনী।
ভোটেকোশি ও ত্রিশুলি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাসুওয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত অন্তত আটটি জেলায় মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
এর মধ্যে চিতওয়ান জেলায় সবচেয়ে বেশি ৩২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নওয়ালপরাসি পূর্বে ২১৬টি, নওয়ালপরাসি পশ্চিমে ১৬৯টি, নুয়াকোটে ১০৩টি, গোরখায় ৬৫টি, ধাদিংয়ে ৫৬টি এবং রাসুওয়া ও তানাহুনে ৩৮টি করে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে নারায়ণী নদীর পানিতে ভেসে যাওয়া অন্তত পাঁচটি মরদেহ ভারতের ভূখণ্ডে পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।