বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে যুক্ত হওয়া চার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তাঁদের সঙ্গে বৈঠক হয়।
সাক্ষাৎ করা চার নেতা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে দলের নতুন চার স্থায়ী কমিটি সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও ইসমাইল জবিউল্লাহকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় তাঁদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি আশা করছে, নতুন সদস্যরা তাঁদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির একাধিক পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।
১৯ সদস্যের বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে আগে ১৩ জন সদস্য ছিলেন। তাঁরা হলেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
নতুন চারজন যুক্ত হওয়ায় বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।