ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে বড় পরিবর্তন এসেছে। ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এ রায় দেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীম।
অন্যদিকে নুর উদ্দিন, সাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের ও উম্মে সুলতানা পপির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া রুহুল আমিন, মাকসুদুল আলম, হাফেজ আবদুল কাদের, আফসার উদ্দিন, কামরুন নাহার মণিসহ মোট ১০ আসামিকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হয় হাইকোর্টে।
নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মৃত্যুদণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে নুসরাত হত্যা মামলার শুনানি করা হয়। শুনানি শেষে আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।