কবি রেজাউদ্দিন স্টালিনের স্বপ্ন, একদিন দেশের সব শ্রেণির পাঠ্যপুস্তকে স্থান পাবে তাঁর লেখা। শিশুরা তাঁর লেখা পড়ে পরীক্ষায় অংশ নেবে। নিজের ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোরদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এ স্বপ্নের কথা জানান তিনি।
২২ নভেম্বর রাজধানীর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে শিশু-কিশোরদের স্বপ্নের কাগজ দোলনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘দোলন ছবি আঁকা উৎসব–২০২৬’। অনুষ্ঠানে কবির সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় শিশুরা।
এ সময় দোলনের এক শিশু কবিকে প্রশ্ন করে, ‘আপনার আর কী স্বপ্ন আছে?’ জবাবে রেজাউদ্দিন স্টালিন বলেন, তাঁর স্বপ্ন, একদিন তাঁর লেখা দেশের সব শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে। শিক্ষার্থীরা সেই লেখা পড়ে পরীক্ষায় অংশ নেবে।
শিশুদের সঙ্গে কবির এই কথোপকথন অনুষ্ঠানে বিশেষ আবহ তৈরি করে। নিজের সাহিত্যিক স্বপ্নের কথা শিশুদের সামনে তুলে ধরায় উপস্থিতদের মধ্যে আনন্দ ও অনুপ্রেরণার সৃষ্টি হয়।
কবির ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এ উৎসবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সনদ প্রদানসহ নানা আয়োজন ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ ছাড়া উপস্থিত ছিলেন কবি শাহীন রেজা, কবি সৈয়দ রনোসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।