গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া পাঁচ শিশুর কারও ক্ষেত্রেই নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮৫৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৫৬ শিশু। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৪ শিশু এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৭২৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬। মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।