দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৭৮ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, বরিশাল বিভাগে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন রোগী যুক্ত হওয়ায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৩৭ হাজার ১৭০ জনে পৌঁছেছে।
এদিকে প্রতিদিনই নতুন করে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তার ঠেকানো এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার ওপর জোর দেওয়া হচ্ছে।