চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদের আয়োজনে ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, অসহায়, দুস্থ ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে এডিপির অর্থায়নে কেনা বাইসাইকেলে ‘সৌজন্যে মো. মাসুদ পারভেজ, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১’ লেখা স্টিকার লাগানো নিয়ে আপত্তি ওঠে।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আপত্তির মুখে শেষ পর্যন্ত বাইসাইকেলগুলো থেকে ওই স্টিকার খুলে ফেলতে বাধ্য হন উপজেলা পরিষদের সিএ জসিম উদ্দিন।
রোববার আলমডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। এডিপির অর্থায়নে কেনা বাইসাইকেলগুলো গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে সাইকেলগুলোতে ব্যক্তির সৌজন্যে দেওয়া স্টিকার দেখে উপস্থিত ব্যক্তিরা আপত্তি জানান।
তাঁদের বক্তব্য, সরকারি অর্থায়নে কেনা সামগ্রীতে কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির সৌজন্য উল্লেখ করে স্টিকার লাগানো সমীচীন নয়। এ নিয়ে অনুষ্ঠানে আলোচনা ও আপত্তি তৈরি হলে উপজেলা পরিষদের সিএ জসিম উদ্দিন সাইকেলগুলো থেকে স্টিকার খুলে ফেলেন।
এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। সরকারি অর্থে কেনা সামগ্রী বিতরণের ক্ষেত্রে এ ধরনের ব্যক্তিগত প্রচারণামূলক স্টিকার ব্যবহার না করার দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।