সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের অংশ হিসেবে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধির আওতায় এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম আলহাজ্ব নাজিউর রহমান মঞ্জুর ছেলে।