অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ অপেক্ষার পর টেস্ট খেলতে নেমেই দারুণ শুরু করেছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনেই স্বাগতিকদের চার উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২ ওভারে ৪ উইকেটে ৭৪ রান।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা অবশ্য ভালোই করেছিলেন দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড। ৭১ বলে ৪৫ রানের জুটি গড়ে তারা বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেন।
তবে ১২তম ওভারে এসে সেই জুটি ভাঙেন হাসান মাহমুদ। ওভারের চতুর্থ বলে ৪ চারে ২৩ রান করা ওয়েদারাল্ডকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই পেসার। পরের ওভারেই আবার আঘাত হানেন হাসান। ৩টি বাউন্ডারিতে ২২ রান করা ট্রাভিস হেডকে বোল্ড করে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকেই বিদায় করেন তিনি।
৫২ রানে দুই ওপেনার হারানোর পর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আরও ধাক্কা দেন এবাদত হোসেন। তিন নম্বরে ব্যাট করতে নামা মার্নাস লাবুশেনকে মাত্র ১ রানে আউট করেন তিনি।
এরপর স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রথম সেশনের শেষ বলে আবারও উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বলে ১৩ রান করে আউট হন গ্রিন। ফলে মাত্র ৭৪ রানেই চার উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকেরা। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ।
বাংলাদেশের হয়ে প্রথম সেশনে হাসান মাহমুদ দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিল টাইগাররা। সেই হিসেবে এই সিরিজ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
বাংলাদেশ একাদশে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
অস্ট্রেলিয়া একাদশে আছেন প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।