বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে। দুই দেশ এ বিষয়ে একমত হলে আগামী মাস থেকেই কলকাতা ও নিউ জলপাইগুড়ির সঙ্গে এসব ট্রেনের যোগাযোগ পুনরায় চালু হতে পারে বলে জানা গেছে।
২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় নয় মাস পর গত বছরের ফেব্রুয়ারিতে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হলেও যাত্রীবাহী ট্রেনগুলো আর চালু হয়নি।
এবার বিদ্যমান ট্রেনগুলো চালুর পাশাপাশি নতুন একটি আন্তর্জাতিক ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে বৈঠকে প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু দিয়ে পরিচালনার আগ্রহ প্রকাশ করবে বাংলাদেশ। বর্তমানে ট্রেনটি যমুনা সেতু হয়ে চলাচল করে।
যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর পাশাপাশি বৈঠকে স্থগিত থাকা রেল প্রকল্প এবং দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।