বাংলাদেশ ক্রিকেট দল দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারিয়ে ইতিহাস গড়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১০৪ রানে জয়টি এসেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ, আর এবার ঘরের মাঠে সেই সাফল্য এলো। ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য ২৩ বছর ও ১১টি ম্যাচ অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ। জবাবে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। তাসকিন আহমেদ প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফেরান। আরেক ওপেনার আজান আওয়াইস ১৫, অধিনায়ক শান মাসুদ ২ রানে আউট হন। ৬৮ রানে ৩ উইকেট হারানোর পর আব্দুল্লাহ ফজল (৬৬) ও সালমান আগা (২৬) জুটি গড়লেও তাইজুল ও তাসকিনের শিকারে ভাঙে। পরে নাহিদ রানা টানা দুই ওভারে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে (১৫ করে) ফেরান। নাহিদ ৪০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। পাকিস্তান অলআউট হয় ১৬৩ রানে। বোলিংয়ে তাসকিন ও তাইজুল ২টি করে এবং মিরাজ ১টি উইকেট পান।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান করে (শান্তর সেঞ্চুরি, মুমিনুল ও মুশফিকের ফিফটি)। পাকিস্তান ৩৮৬ রানে (আজান আওয়াইসের সেঞ্চুরি) থামে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।