রাজধানীর সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নিহত স্কুলশিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলার প্রধান সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
র্যাব-২ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলার প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি রয়েছেন। রোববার বিকেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে শনিবার চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রনজিলা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
চিকিৎসকের পরামর্শ নিতে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে ভোরে গাবতলী বাস টার্মিনাল থেকে রিকশায় রওনা দেন তিনি। পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দেয়।
ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা পারভীন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।