বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রিমোট কর্মী ও ফ্রিল্যান্সারদের জন্য আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণকে আরও সহজ, নিরাপদ এবং ঝামেলামুক্ত করতে শীর্ষস্থানীয় পেমেন্ট প্ল্যাটফর্ম স্ট্রাইপের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে ‘প্রিয়’। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাউথ সান ফ্রান্সিসকোতে অবস্থিত স্ট্রাইপের সদর দপ্তরে এই চুক্তি চূড়ান্ত করা হয়।
‘প্রিয়’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন স্ট্রাইপের সদর দপ্তর পরিদর্শনের পর উভয় প্রতিষ্ঠানের মধ্যে গ্লোবাল ওয়ার্কফোর্সের ক্রস-বর্ডার পেমেন্ট সংক্রান্ত জটিলতা দূর করার বিষয়ে সমঝোতা হয়।
এই অংশীদারিত্বের ফলে এখন ‘প্রিয়’-এর ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ক্লায়েন্টদের কাছে সহজেই পেমেন্ট লিংক তৈরি করে পাঠাতে পারবেন। ক্লায়েন্টরা তাদের সুবিধামতো ক্রেডিট বা ডেবিট কার্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপের ব্যাংক ট্রান্সফার, ডিজিটাল ওয়ালেট এবং ভারতের ইউপিআই ব্যবহার করে নির্বিঘ্নে পেমেন্ট করতে পারবেন।
এছাড়াও, আগামী কয়েক মাসের মধ্যে বৃহৎ চীনা বাজারকে লক্ষ্য করে পেমেন্ট ইকোসিস্টেমে আলি পে এবং উইচ্যাট পে যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে ‘প্রিয়’।
বর্তমানে ফ্রিল্যান্স ও রিমোট কাজের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও পারিশ্রমিক সংগ্রহ এখনো অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। স্ট্রাইপের শক্তিশালী পেমেন্ট অবকাঠামো এবং কমপ্লায়েন্স ও নিরাপত্তার প্রতি ‘প্রিয়’-এর প্রতিশ্রুতির সমন্বয়ে এই সমস্যার একটি কার্যকর সমাধান সামনে এসেছে।
এ বিষয়ে জাকারিয়া স্বপন বলেন, “এই অংশীদারিত্ব কেবল পেমেন্ট ব্যবস্থার উন্নয়ন নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। বিশ্বজুড়ে থাকা অসংখ্য প্রতিভাবান ফ্রিল্যান্সার তাদের কাজের উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার জন্য একটি সহজ, নিরাপদ ও নিয়ম-সম্মত পদ্ধতির দাবিদার। স্ট্রাইপের সঙ্গে যৌথভাবে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।”