কারিগরি সমস্যার কারণে ইতালির রোমে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ অবস্থায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজ এস-টু-এজে-ওয়াই।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশসহ একটি প্রকৌশলী দল ৮ আগস্টের বিজি-৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিজি-৩০৫ ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছানোর পর উড়োজাহাজটির ত্রুটি মেরামতের কাজ শুরু হবে।
পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কারিগরি ত্রুটি সমাধান করা সম্ভব হলে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
সেক্ষেত্রে ফ্লাইটটি ৯ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানিয়েছে, ফ্লাইটটির সর্বশেষ পরিস্থিতি ও সময়সূচি সম্পর্কে যাত্রীদের নিয়মিতভাবে অবহিত করা হবে।