রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে হামলা ও শিক্ষিকাকে লাঞ্ছনার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থানীয় এক নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করে ভাঙচুর চালানো এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় তিনি জড়িত। এসব কর্মকাণ্ড দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। অভিযোগ রয়েছে, ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে কলেজে ঢুকে অফিসকক্ষে ভাঙচুর চালানো হয় এবং অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে মারধর করা হয়। এই ঘটনায় আকবর আলীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কথাকাটাকাটির এক পর্যায়ে এক শিক্ষিকা আকবর আলীকে চড় মারেন। এরপর তিনি জুতা হাতে নিয়ে ওই শিক্ষিকাকে আঘাত করতে থাকেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।