বিশ্বকাপের উত্তাপ ছড়াতে এখনো বাকি বেশ কিছুদিন। তবে মাঠে খেলা শুরু হওয়ার আগেই নতুন এক রেকর্ড গড়ে আলোচনায় উঠে এসেছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ সামনে রেখে ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা। সেই তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পেয়েছে ব্রাজিqল ও আর্জেন্টিনা। দুই দেশ থেকেই রাখা হয়েছে ৯ জন করে ম্যাচ অফিসিয়াল।
শুধু তাই নয়, প্রধান রেফারির তালিকাতেও তৈরি হয়েছে নতুন ইতিহাস। ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে তিনজন করে মূল রেফারি দায়িত্ব পাচ্ছেন, যা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম। ফুটবল বিশ্বের নজর এখন তাই শুধু খেলোয়াড়দের দিকেই নয়, ম্যাচ পরিচালনায় থাকা দক্ষিণ আমেরিকার এই দুই দেশের প্রতিনিধিদের দিকেও।
১০৪ ম্যাচের বিশাল এই আসরে প্রযুক্তির ব্যবহারে থাকছে নতুন চমকও। রেফারিদের শরীরে যুক্ত করা হবে বডি ক্যামেরা, ফলে দর্শকরা ম্যাচের ভেতরের মুহূর্ত আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি এআই স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি সম্প্রচারে যোগ করবে বাড়তি বাস্তবতা ও গতিময়তা।
মেসি, নেইমারের মতো তারকা ছাড়াও যে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপের আলোচনায় থাকতে পারে, সেটাই যেন আবারও প্রমাণ হলো মাঠে বল গড়ানোর আগেই।