স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জশ বাটলার। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে ছাড়িয়ে এখন এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসেছেন তিনি।
দা হান্ড্রেড টুর্নামেন্টে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে মাত্র ২০ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন বাটলার। তার ইনিংসে ছিল ২টি চার ও ৬টি ছক্কা। এই ইনিংস খেলতেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড নিজের করে নেন ইংলিশ অধিনায়ক।
এ পর্যন্ত ৫২২ ম্যাচের ৪৯২ ইনিংসে ব্যাট করে ৯টি শতক ও ১০৬টি অর্ধশতকের সাহায্যে ১৪ হাজার ৮৩৩ রান করেছেন বাটলার। উল্লেখযোগ্য বিষয় হলো, পোলার্ডকে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন হয়েছে ১৭১টি ইনিংস কম।
এর আগে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ডের দখলে। ৭৪৬ ম্যাচের ৬৬৩ ইনিংসে ২টি শতক ও ৭০টি অর্ধশতকসহ তার সংগ্রহ ১৪ হাজার ৮০৩ রান।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আরেক ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি ফিফটির সাহায্যে তার রান ১৪ হাজার ৫৬২। ২০১৪ সালের মার্চ থেকে দীর্ঘ সময় টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গেইল। চলতি বছরের জুনে তাকে টপকে শীর্ষে উঠেছিলেন পোলার্ড। তবে সেই রেকর্ড বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। ৫২৮ ম্যাচের ৫২৩ ইনিংসে তার রান ১৪ হাজার ৪৪৯। আর পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের সংগ্রহ ১৪ হাজার ২৮৪ রান, যা এসেছে ৪৩৯ ম্যাচে।