চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকারী ৩১ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে (সাবেক ইউপি সচিব) একযোগে বদলি করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে তাদের নতুন কর্মস্থলে পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৩১ জন প্রশাসনিক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১০ আগস্টের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বদলির আওতায় চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন।
এদিকে, স্থানীয় সরকার শাখা থেকে জারি করা অফিস আদেশের অনুলিপি জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই বদলির মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন কর্মপরিবেশ সৃষ্টি হবে এবং সেবার মান আরও উন্নত হওয়ার সুযোগ তৈরি হবে।