চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাসের ব্যস্ততা আরও বেড়েছে। বিভিন্ন দেশ থেকে আসা একাধিক জাহাজ এখন বন্দরের বাইরে বা নোঙরে অপেক্ষা করছে খালাসের পালার জন্য।
বর্তমানে মোট পাঁচটি জাহাজে প্রায় ১ লাখ ৭৭ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে অবস্থান করছে। এর মধ্যে বুধবার দুপুরেই ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ ডলফিন জেটিতে ভিড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল খালাস শেষ করে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ আজই বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, চীন থেকে আসা ‘এমটি লিয়ান সং হো’ ইতোমধ্যে আলফা অ্যাংকরে অবস্থান করছে এবং সেখান থেকেই লাইটারিং কার্যক্রম চলছে। এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে আসা আরও কয়েকটি জাহাজ ধাপে ধাপে বন্দরে পৌঁছেছে গত কয়েক দিনে।
এদিকে, চীন থেকে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে আসার কথা থাকা ‘এমটি জিং টং ৯৯’ জাহাজটি নির্ধারিত সময়ের দুই দিন পর, ২৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।