হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় চালুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এর প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
তিনি বলেন, প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক ঐকমত্য রয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি বজায় রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবারও আলোচনায় ফেরানোর পক্ষে চীনের সমর্থনের কথা জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের আরও একটি বিশাল তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। অবরোধের মধ্যেও এটি দ্বিতীয় নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ হিসেবে ওই পথ অতিক্রম করলো।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এলএসইজি ও কেপালার জানিয়েছে, বুধবার খালি অবস্থায় পারস্য উপসাগরে প্রবেশ করে ‘আরএইচএন’ নামের একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ। প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম জাহাজটির গন্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।