দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন।
এদিকে গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন অঞ্চলের রোগী রয়েছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা ও চট্টগ্রাম বিভাগে। ঢাকার বাইরেও ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন। এর মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯৫৪ জন।
বর্ষা ও পরবর্তী সময়ে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষকে জমে থাকা পানি পরিষ্কার রাখা ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।