দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৩৮ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, বরিশালে ১৪২, রাজশাহীতে ১১৬, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৭১ এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে। একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৪১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে।