হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দিনের ধারাবাহিক অভিযানে প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে নিষিদ্ধ গৌরী ক্রিম, স্বর্ণ, মোবাইল ফোন, সিগারেট, ভ্যাপ, বিদেশি মদ, ওষুধ ও মিল্ক পাউডার।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন শিফটে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। পাঁচ দিনের অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ মোট আনুমানিক মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা।
অভিযানকালে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। একই সময়ে আরও কয়েকজন যাত্রীর কাছ থেকে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়।
এ ছাড়া দুবাই ও বাহরাইন থেকে আসা কয়েকজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২১ কার্টন সিগারেট, ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, প্রায় ৩০ কেজি মিল্ক পাউডার এবং বিভিন্ন ধরনের ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়।
আরেক দফার অভিযানে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরী ক্রিম, চার লিটার বিদেশি মদসহ আরও বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
গত ১৮ আগস্ট কলম্বো থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন, মোবাইলের যন্ত্রাংশ এবং প্রায় আড়াই হাজার পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়।
এর আগে ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের এক যাত্রীর ব্যাগেজ থেকে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়। পরে পরীক্ষা শেষে সেখান থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। একই অভিযানে নিষিদ্ধ গৌরী ক্রিম ও সিগারেটও জব্দ করা হয়।
সিআইআইডি জানিয়েছে, চোরাচালানে ব্যবহৃত পণ্য ও কৌশলে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। স্বর্ণ, ভ্যাপ, মোবাইল ফোন, সিগারেট, ওষুধ ও নিষিদ্ধ ক্রিমসহ নানা ধরনের পণ্য বহনের মাধ্যমে শুল্ক ফাঁকির চেষ্টা চলছে।