নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত গঠন বা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, ঢাকার জনসংখ্যা ও ভৌগোলিক পরিসর বড় হওয়ার পাশাপাশি দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার সংখ্যাও বাড়ছে। এর ফলে বিদ্যমান বিচারিক কাঠামোর ওপর চাপ তৈরি হয়েছে।
একই সঙ্গে আদালতকেন্দ্রিক বিপুলসংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী ও আসামির উপস্থিতির কারণে বিচারিক কার্যক্রম পরিচালনা এবং মামলার ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বিচারপ্রার্থীদের আদালতে যাতায়াত ও দ্রুত মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়।
নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।