আগামী ২৭ মে (বুধবার) তুরস্ক ও তিউনিসিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশই ১৮ মে (সোমবার) থেকে পবিত্র জিলহজ মাস শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হওয়ায় দেশ দুটিতে ২৭ মে কোরবানির ঈদ উদযাপিত হতে যাচ্ছে।
শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তিউনিসিয়া।
অন্যদিকে, তুরস্ক প্রথাগত চাঁদ দেখা ছাড়াই সম্পূর্ণ জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে। সেই হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হচ্ছে ধরে নিয়ে তারা ২৭ মে ঈদের তারিখ নির্ধারণ করেছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা কবে হবে, তা আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আগেই জানিয়েছে যে, আজ রোববার (২৯ জিলকদ) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে এবং চাঁদ অনুসন্ধানের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
জিলহজ মাসের গুরুত্ব: ইসলামি ক্যালেন্ডারে জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসেই বিশ্বের মুসলিমরা পবিত্র হজ পালন করেন। জিলহজ মাসের ৯ম দিনে আরাফাত দিবস এবং ১০ম দিনে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।