মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্বজুড়ে খাদ্যসংকট ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং আঞ্চলিক অস্থিরতা লাখ লাখ মানুষকে নতুন করে ক্ষুধার মুখে ফেলতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
ইন্দরমিত গিল জানান, বর্তমানে বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। সংঘাতের প্রভাব অব্যাহত থাকলে এই সংখ্যা অল্প সময়ের মধ্যেই প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
তার মতে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত এবং দুর্বল শাসনব্যবস্থার দেশগুলো। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে এসব অঞ্চলে ক্ষুধা আরও প্রকট হয়ে উঠবে।
তিনি বলেন, বাজারে যে খাদ্যশস্য এখন রয়েছে তা আগেই উৎপাদিত। তবে যুদ্ধ ও সরবরাহব্যবস্থার বিঘ্নের প্রকৃত প্রভাব আগামী কয়েক মাসের মধ্যে স্পষ্ট হতে পারে।