তিন দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে দীঘিনালা-সাজেক সড়কে ফের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সাজেকে থাকা পর্যটকদের বুধবারের মধ্যেই এলাকা ছাড়তে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
তাদের দাবি, জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো এলাকায় অবস্থান করছেন। কোম্পানি কমান্ডার চিনু মারমা ও সাইমন চাকমার নেতৃত্বে মাচলং এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়িতে তারা প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
অস্থিতিশীল পরিস্থিতি ও হুমকির অভিযোগে দুই সংগঠন ১১ অক্টোবর থেকে দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছিল। পরে দুই দফায় তা স্থগিত করা হয়। বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদ্যাপন কমিটির অনুরোধ এবং পূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ অক্টোবর থেকে ছয় দিনের জন্য অবরোধ স্থগিত রাখা হয়েছিল। সেই সময় তিন দফা দাবি পূরণে প্রশাসনকে সময় দেওয়া হয়। কিন্তু দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা আবার অবরোধে ফিরছে।