ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব নতুন করে বণ্টন করেছে সরকার। এ দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়সংক্রান্ত সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুপস্থিত থাকলে পর্যায়ক্রমে দায়িত্ব সামলাবেন তিনজন মন্ত্রী।
প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর (এজেডএম) মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় দায়িত্ব নির্ধারিত মন্ত্রীরাই পালন করবেন। কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে বিকল্প দায়িত্বশীলরাও নির্ধারিত থাকবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন ড. আব্দুল মঈন খান। তার অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আফরোজা খানম, আর তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে আন্দালিব রহমানকে। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন এম রশিদউজ্জামান মিল্লাত। তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সাচিং প্রু। তার অনুপস্থিতিতেও সংসদীয় কার্যক্রমের দায়িত্ব সামলাবেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ–সংক্রান্ত আগের আদেশের অন্যান্য বিষয় বহাল থাকবে এবং নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। গত ২১ আগস্ট মন্ত্রিসভায় নতুন ছয় সদস্যের শপথ এবং কয়েকটি দপ্তর পুনর্বণ্টনের পর সংসদীয় দায়িত্বেও এই পরিবর্তন আনা হয়েছে।