জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলেও বাকি বিমানগুলো সামান্য ক্ষতির পর আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে বলে জানা গেছে। তবে হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিমানটির একটি ডানা বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ছাড়া আরও প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব বিমানের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হওয়ায় পরবর্তী সময়ে সেগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে।